এই সময় ডিজিটাল ডেস্ক: ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU) থেকে বৃহস্পতিবার সাধারণ ওয়ার্ডে সরানো হল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে। প্রবল শ্বাসকষ্টের কারণে করোনায় আক্রান্ত গত তিন রাত আইসিইউতে কাটিয়েছেন। তাঁকে অক্সিজেন দিতে হয়। ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এদিন জানান, আগের থেকে ভালো আছেন বরিস জনসন। বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিইউ থেকে তাঁকে সাধারণ ওয়ার্ডে সরিয়ে আনা হয়েছে। তিনি এখন সুস্থ হয়ে ওঠার প্রাথমিক পর্যায়ে রয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত ডাক্তাররা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। গত ২৭ মার্চ করোনার সংক্রমণ ধরা পড়লেও, হাসপাতালে ভর্তি না হয়ে, বাড়িতেই ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাসভবনে থেকেই যাবতীয় কাজ সামলাচ্ছিলেন। কিন্তু, অসুস্থতা বাড়লে, গত ৫ এপ্রিল তাঁকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করতে হয়। গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে, সরানো হয় আইসিইউতে। তার পর থেকে তিন দিন অক্সিজেন দিতে হয়েছে প্রধানমন্ত্রীকে। ব্রিটেনের রানি, রাজ পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রনেতার দ্রুত প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করেন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2XAvRwT



