বেলাগাম করোনা সংক্রমণে 'কঠিন পরিস্থিতি' পাকিস্তানে, মানছে ইমরান সরকার

এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত বুধবার সেখানে আক্রান্তের সংখ্যা ৬,২৫০ ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনের শরীরে নতুন করে মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। আর প্রাণ হারিয়েছেন ১১ জন। যার ফলে মোট সংখ্যাটা ১০০ ছাড়িয়ে গিয়েছে। এমনিতেই পাকিস্তানে দারিদ্র, ক্ষুধা, অর্থনীতিক মন্দার মতো সমস্যা চরমে। এই সমস্ত সমস্যার সঙ্গে যুঝতে গিয়ে হিমশিম অবস্থা সরকারের। তার মধ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের ঘটনা তাদেরকে আরও 'কঠিন পরিস্থিতি'র মধ্যে ফেলে দিয়েছে বলে স্বীকার করে নিয়েছে ইসলামাবাদ। বুধবার ইসলামাবাদে এক সাংবাদিক বৈঠকে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আসাদ উমর বলেন, 'আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। সংক্রমণের হারে রাশ টানা সরকারের মূল লক্ষ্য। একই সঙ্গে নিম্ন আয়ের লোকজন যাতে ক্ষুধার্ত না থাকেন, তা নিশ্চিত করতে হবে। এই দুই বিষয়ের মধ্যে ভারসাম্যের সূত্র সন্ধান সরকারের কাছে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।' উল্লেখ্য, সংক্রমণের শৃঙ্খলা ভাঙতে পাকিস্তানে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার একথা ঘোষণা করেন ইমরান খান। যদিও স্তব্ধ অর্থনীতিতে গতি সঞ্চারে বিভিন্ন শিল্প সংস্থায় কাজ চালু করার ছাড়পত্র দেওয়া হয়েছে। করোনা টেস্টিং কিটসের আকাল দেখা দিয়ে পাকিস্তান জুড়ে। যে কারণে বিদেশে বসবাসকারী নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনছে না ইমরান খান সরকার। সাংবাদিক সম্মেলনে একথা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোঈদ ইউসুফ। তিনি বলেছেন, বিদেশে আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হলে তাদের পরীক্ষা করতে গিয়েই টেস্টিং কিটস ফুরিয়ে যাবে। তখন স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষার উপরে কোপে পড়বে। তবে ভারতে বসবাসকারী পাকিস্তানের নাগরিকদের বৃহস্পতিবার ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হবে বলে ইমরানের এই উপদেষ্টা জানান। করোনা আক্রান্ত প্রদেশগুলির মধ্যে সবথেকে খারাপ অবস্থা পঞ্জাবের। শুধুমাত্র এখানেই দেশের মধ্যে প্রায় অর্ধেক রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। সরকারি মতে সেই সংখ্যাটা ৩০১৬। এ ছাড়া সিদ্ধে ১,৬৬৮ জন, খাইবার পাখতুনখোয়াতে ৮৬৫ জন, বালোচিস্তাবে ২৩৪ জন, ইসলামাবাদে ১৪০ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সারা দেশে এখনও মৃত্যু হয়েছে ১০৭ জনের।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2z5pgjF

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.